• মঙ্গল. আগ ৪, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

আগামী কয়েক দিন টানা বৃষ্টির আভাস, বাড়ছে বন্যার শঙ্কা

ByShirso aparadh

আগ ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭ আগস্ট পর্যন্ত দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ৭ আগস্ট পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে পাঁচ দিনের শেষভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের ১১ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা ও দুধকুমার অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকার লালমনিরহাট ও কুড়িগ্রাম, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া এবং সোমেশ্বরী ও ভোগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদীসংলগ্ন নিচু এলাকায় পানি সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেলে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আগামী কয়েক দিন টানা বৃষ্টির আভাস, বাড়ছে বন্যার শঙ্কা

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights