
নিজস্ব প্রতিবেদক:
আগস্টের শেষ সপ্তাহেই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্মতির ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। অতীতে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছিল, তা দূর করেই স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার।
তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে পরমাণু আইসোটোপ প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী খনিজ ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের সম্ভাবনা চিহ্নিত ও অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, জাতীয় ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, চলতি সপ্তাহে পরিবেশদূষণের অভিযোগে ৮১টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি বন্যপ্রাণী ও বনজ সম্পদ উদ্ধার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বলেন, পুলিশ, র্যাব ও কোস্টগার্ড নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছে। সম্প্রতি এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় কোস্টগার্ড দাবি করেছে, ওই ব্যক্তিকে তারা কখনো আটক বা হেফাজতে নেয়নি এবং অভ্যন্তরীণ তদন্তেও বাহিনীর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো ধরনের গুম বা জোরপূর্বক নিখোঁজের সঙ্গে সরকারের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। কোনো ব্যক্তি নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা এবং প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ধরনের অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
