নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট-এ রোগীদের বিছানায় ছারপোকা, চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি এবং নিম্নমানের খাবারসহ নানা অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে আকস্মিক পরিদর্শনে প্রতিষ্ঠানটিতে যান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। প্রায় দেড় ঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তারা এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় রোগীদের স্বজনরা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, রোগীদের বিছানায় ছারপোকার উপদ্রব ভয়াবহ, অনেক সময় চিকিৎসকরা নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না এবং রোগীদের দেওয়া খাবারের মানও সন্তোষজনক নয়।
পরিদর্শন শেষে আক্ষেপ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে কতজন চিকিৎসক অনুপস্থিত রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এমনকি মন্ত্রী নিজে উপস্থিত থাকলেও সেই তথ্য জানানো হয়নি। তিনি বলেন, হাসপাতালের পরিচালকের অদক্ষতার কারণেই এসব অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালের বিছানাপত্রে মারাত্মক ছারপোকার সমস্যা রয়েছে। এছাড়া রোগীদের খাবারের মান নিয়েও অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকার বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে নেতৃত্বের সংকট রয়েছে। ব্যবস্থাপনার ঘাটতিও স্পষ্ট। দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হাসপাতালের বেশিরভাগ অভিযোগ স্বীকার করেছেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। তিনি স্বাস্থ্যমন্ত্রীকে জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তেলাপোকা ও ছারপোকার সমস্যা দীর্ঘদিনের।
পরিচালক বলেন, “এত তেলাপোকা আর ছারপোকা—নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। আমাদের কিছু ব্যর্থতা আছে। ছারপোকা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সমস্যা পুরোপুরি কমছে না।”
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
