• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বানারীপাড়ায় গাঁজা সেবনকালে আটক ৫ যুবক, মোবাইল কোর্টে ১০ দিন করে কারাদণ্ডবানারীপাড়ায় গাঁজা সেবনকালে আটক ৫ যুবক, মোবাইল কোর্টে ১০ দিন করে কারাদণ্ড

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দী ইউনিয়নে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আরাফাতের নেতৃত্বে পুলিশের একটি দল বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচজনকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উমারেরপাড় গ্রামের মোঃ মিল্লাত হোসেন হাওলাদার (১৯) ও মোঃ পারভেজ মাঝি (১৯), বিশারকান্দি গ্রামের মোঃ নাঈম হাসান (২১), পাশ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার উত্তর বলদিয়া গ্রামের মোঃ আল-আমিন (২৫) এবং রহমাতুল্লাহ (১৯)। তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

আটকের পর বানারীপাড়া উপজেলা প্রশাসন-এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান। শুনানি শেষে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। শনিবার (৯ মে) সকালে তাদের বরিশাল কোর্টে সোপর্দ করা হলে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সেবনের সময় তাদের আটক করা হয়েছে এবং মোবাইল কোর্টে সাজা দেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights