• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বরিশালের রসুলপুরে ১০৫৮ পিস ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতারবরিশালের রসুলপুরে ১০৫৮ পিস ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশাল নগরীর রসুলপুর এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। শনিবার (৯ মে) সকালে জেলার কোতয়ালী মডেল থানাধীন রসুলপুর কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন সোহাগী বেগম (২৮)। তিনি রসুলপুর এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার স্বামী ও সহযোগী হিসেবে পরিচিত রেজাউল শিকদার রেজা (৩০) আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগী বেগম ও তার স্বামীর টিনের চালা ও টিনের বেড়াযুক্ত দোতলা বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি ১৩০ গ্রাম লুজ গাঁজা এবং ৮২টি গাঁজার পুড়িয়া উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪৫০ গ্রাম। এছাড়া একটি পার্স ব্যাগের ভেতরে রাখা চারটি জিপারযুক্ত পলিথিন প্যাকেট থেকে ১ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০৫ দশমিক ৮০ গ্রাম।

অভিযান চলাকালে একই ঘর থেকে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দম্পতি রসুলপুরসহ আশপাশের এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও এতদিন তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী মডেল থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক। তিনি জানান, পলাতক রেজাউল শিকদার রেজাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে এবং বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights