• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা মাসুদ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

ByShirso aparadh

জুন ১৩, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সশস্ত্র হামলায় উপজেলা যুবদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদে সড়ক অবরোধ করেন দলীয় নেতাকর্মীরা।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বেতাগী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মাসুদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে।

স্থানীয়দের দাবি, নিহত মাসুদ স্থানীয় রাজনীতি ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে যুবদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা উপজেলার ইছাখালী এলাকায় কাপ্তাই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিল এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights