• মে ২১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রাজধানীতে নার্সদের সমাবেশ: সড়ক অবরোধে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী

Byadmin

নভে. ২২, ২০২৫

মাহমুদুল হাসান :

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সকালে এক মহাসমাবেশের আয়োজন করে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার নার্স অংশ নেন। সড়ক বন্ধ করে এই কর্মসূচি পালনের কারণে আশপাশের এলাকায় চরম যানজট সৃষ্টি হয় এবং সাধারণ পথচারী ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

সকাল ১০টা থেকে প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত না করার দাবি জানান এবং দ্রুত একটি জাতীয় নার্সিং কমিশন গঠনের আহ্বান জানান সরকারের প্রতি। সমাবেশে অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মহাসমাবেশের কারণে তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক বিভাগ যানবাহনগুলোকে কাকরাইল-বিজয়নগর সড়কের দিকে ঘুরিয়ে দেয়। তবে বিকল্প সড়কগুলোতেও সৃষ্টি হয় তীব্র যানজট।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, রোগীবাহী যান ও দূরপাল্লার যাত্রীরা। অনেকেই অভিযোগ করেন, আগে থেকে কোনো ধরনের ঘোষণা বা নির্দেশনা না থাকায় হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। কয়েক কিলোমিটার পথ পার হতে লেগে যায় কয়েক ঘণ্টা।

কল্যাণপুর ও মিরপুরগামী একাধিক যাত্রী জানান, এ ধরনের কর্মসূচি অবশ্যই গণতান্ত্রিক অধিকার, তবে তা এমন সময়ে ও পদ্ধতিতে হওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। এতে কর্মঘণ্টা ও গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে এবং সমাবেশকারীরা দুপুর ১টা থেকে দেড়টার মধ্যেই সড়ক ছেড়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights