নিজস্ব প্রতিবেদক — ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের সরকারি সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। তিনি ড্রুক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে উভয়ের মধ্যে ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শেরিং তোবগে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।
এরপর তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন, যেখানে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সহযোগিতা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—
ইন্টারনেট ব্যান্ডউইথ, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি, বিদ্যুৎ, পর্যটন ও সংস্কৃতি।
সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন। সন্ধ্যায় তাঁর সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হবে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রোববার ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ২৪ নভেম্বর সকালে তিনি ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
