• শুক্র. সেপ্টে ১১, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

আধিপত্যের বিরোধে নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

BySarker

সেপ্টে ১১, ২০২৬

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলাম শেখ (৫০) নামে এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিপু সুলতান ও মফিজার শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে বিকেল ৩টার দিকে ইসলাম শেখ অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে কয়েকজন তাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights