• রবি. আগ ৩০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

তিতাসে চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে হামলার অভিযোগ, আহত কয়েকজন

ByShirso Aparadh

আগ ২৯, ২০২৬

সোহেল রানা:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলার ৬ নম্বর ভিটিকান্দি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ সরকারের উঠান বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মোল্লা বাড়ির আলম মোল্লার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত ফরিদ সরকার অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। এ উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় লোকজনকে নিয়ে একটি উঠান বৈঠক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, আলম মোল্লার চায়ের দোকানের সামনে লোকজন জড়ো হতে শুরু করলে পূর্বশত্রুতার জেরে বিল্লাল, নুর নবী, আশিকসহ ১৫ থেকে ২০ জন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

ফরিদ সরকারের দাবি, হামলায় তার বড় ভাই আসলাম সরকার, রাশাদ সরকারসহ তিনি নিজে এবং আরও কয়েকজন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বিল্লাল ও নুর নবীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম আসা আকাশ মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে মারামারির ঘটনা শুনেছেন এবং এতে তার বড় ভাই বিল্লালসহ তিন থেকে চারজন আহত হয়েছেন বলে জানতে পেরেছেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, এখন পর্যন্ত মারামারির কোনো খবর তিনি পাননি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights