• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ByShirso aparadh

জুন ৩, ২০২৬

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে মার্কিন শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারে প্রতিযোগিতাগত ক্ষতির মুখে পড়ছে।

মঙ্গলবার (২ জুন) মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানায়, সেকশন ৩০১ তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ শুল্ক প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান, কম্বোডিয়া, গুয়াতেমালা, এল সালভাদর, আর্জেন্টিনা এবং ইন্দোনেশিয়াসহ ১৫টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। বাকি ৪৫টি দেশের জন্য শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

এক বিবৃতিতে জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি রোধে বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় এবং এটি মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে।

নতুন এই প্রস্তাব এমন সময়ে এসেছে, যখন চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জরুরি ক্ষমতা আইনের আওতায় আরোপিত কিছু শুল্ক বাতিল করে দেয়। এরপর নতুন আইনি কাঠামোর আওতায় শুল্ক নীতি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে প্রস্তাবিত শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে জ্বালানি, বিরল খনিজ, কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট ফল ও সবজি, ওষুধ, জৈব রাসায়নিক এবং বিমানযন্ত্রাংশকে।

পাশাপাশি পোশাক ও বস্ত্র খাতের জন্য একটি বিশেষ সুবিধার প্রস্তাবও রাখা হয়েছে। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ আমদানি কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক বিষয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই একটি প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতের ওপর প্রভাব পড়তে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত, সম্ভাব্য ছাড় এবং বাস্তবায়নের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights