যশোর জেলা প্রতিবেদক :
রান্নার সুবিধা নিশ্চিত করতে দেশের নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে র উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন,
“মা-বোনদের একটি জায়গায় খুব কষ্ট হয়—সেটি হলো রান্না-বান্না। গ্রাম কিংবা শহর—সব জায়গাতেই এই কষ্ট রয়েছে। আমরা যেমন সারা দেশের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, ঠিক তেমনি এলপিজি কার্ডও দিতে চাই, যাতে রান্নার জন্য তাদের কষ্ট করতে না হয়।”
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যবহার করে নারীরা ছোট উদ্যোগ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরকার বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি বলেন,
“দেশের মালিক জনগণ। আমাদের প্রতিটি কর্মসূচি জনগণের কল্যাণের জন্যই।”
এ সময় তিনি ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসানের কথাও উল্লেখ করেন এবং দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তবে একটি মহল এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও সতর্ক করেন তিনি।
