• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ সিরিজ ডাকাতির ঘটনায় নতুন মোড় এসেছে। দীর্ঘ সময় পর সঙ্ঘবদ্ধ ডাকাত দলের আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।পিবিআই সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ এপ্রিল গভীর রাতে রূপগঞ্জ থানাধীন বরপা উত্তরপাড়া বালুর মাঠ এলাকা থেকে মো. আজিজুল হক ভূইয়া (৪২) নামে ওই আসামিকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেন। জিজ্ঞাসাবাদ শেষে ২ মে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৯ এপ্রিল দিবাগত রাতে রূপগঞ্জের কাঞ্চন বাড়ৈই পাড়া এলাকায় ফারুক হাসান, খাইরুল বাশার ও তমিজ উদ্দিনের বাড়িতে ধারাবাহিকভাবে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিলে কয়েকজনকে মারধর ও গুলি করে গুরুতর আহত করা হয়।ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ওই রাতে তিনটি বাড়ি থেকে প্রায় ২০ লাখ ৬০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের হয়, যা পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য পিবিআইয়ে হস্তান্তর করা হয়।

এর আগে একই ঘটনায় হোসেন মিয়া নামে আরেক সদস্যকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়। পিবিআই জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights