নিজস্ব প্রতিবেদক :
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৫ জন প্রার্থী।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
ফল প্রকাশের দ্রুততায় এবার নতুন রেকর্ড গড়লো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পরীক্ষার মাত্র ৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছে, যা এতদিনের মধ্যে সবচেয়ে দ্রুত। এর আগে ৪৬তম বিসিএসে ১৩ দিনে প্রিলির ফল প্রকাশ হয়েছিল।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
পিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো যুক্তিসংগত সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
