
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৪ মাস বিরতির পর আগামী ২৮ জুন দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনের জন্য সারা দেশে ১ লাখ ২০ হাজারের বেশি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
এবারের কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। দুর্গম এলাকার শিশুদের আওতায় আনতে ১২ জেলার ৫৮টি উপজেলার নির্ধারিত এলাকাগুলোতে অতিরিক্ত চার দিন বিশেষ অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের অপুষ্টি, অন্ধত্ব ও বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধ এবং মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
