★১১ দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী এখনো নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন কেউই প্রার্থিতা প্রত্যাহার না করেন।
গাজী আতাউর রহমান বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের প্রত্যাশা পূরণে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা কোনো আসন সমঝোতায় যাচ্ছি না।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দলটি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ গঠিত ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় নির্বাচনে যাচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও আদর্শের ভিত্তিতে ভোটের মাঠে থাকবে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১১ দলীয় জোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করে। ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২ এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেয়। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর আসন ঘোষণা করা হয়নি।
চরমোনাই পীরের দল শেষ পর্যন্ত জোট থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
