• শুক্র. জুলা ২৪, ২০২৬

সুনামগঞ্জে পুলিশের অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ৩

ByShirso aparadh

জুলা ২৩, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ কাতান শাড়ি, দুটি লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি বাল্কহেড স্টিলবডি নৌকা জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজন কথিত চোরাকারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএমের নেতৃত্বে এসআই রিফাতসহ পুলিশের একটি দল বালিকান্দি গ্রামের নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৬১৮ পিস কাতান শাড়ি, ২টি লেহেঙ্গা এবং চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি বড় আকারের বাল্কহেড স্টিলবডি নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন— বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান এবং তার ছেলে মামুন মিয়া (২৫)

এ ঘটনায় সদর মডেল থানার এসআই রিফাত বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালান-সংক্রান্ত ধারায় মামলা দায়ের করেছেন।

সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম জানান, জব্দ করা মালামাল আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক তিনজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights