• শুক্র. জুলা ২৪, ২০২৬

সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ: নতুন রাষ্ট্রপতির দৌড়ে কারা?

ByShirso aparadh

জুলা ২৩, ২০২৬

শীর্ষ অপরাধ রিপোর্ট:

অবশেষে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিতর্কিত কর্মকাণ্ড ও ব্যবসায়িক স্বার্থের অভিযোগে সমালোচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যেকোনো মুহূর্তে তিনি পদত্যাগ করতে পারেন বলে একাধিক দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে ক্ষমতাসীন বিএনপির উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বঙ্গভবন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি তাঁর ঘনিষ্ঠ ও অধস্তন কর্মচারীদের শিগগিরই বঙ্গভবন ছাড়ার প্রস্তুত নেওয়ার বার্তা দিয়েছেন। পদত্যাগের পর চিকিৎসার উদ্দেশ্যে তাঁর বিদেশে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

এস আলম কানেকশন ও অতীত বিতর্ক

আওয়ামী লীগ আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হওয়া সাহাবুদ্দিনকে নিয়ে শুরু থেকেই নানামুখী বিতর্ক ছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক এই কমিশনার ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক খাতের শীর্ষ লুটেরা এস আলম গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ব্যাপকভাবে সমালোচিত হন। ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থাতেই তাঁকে বিতর্কিত উপায়ে রাষ্ট্রপতি করা হয়। আওয়ামী সরকারের পতনের পরপরই গণ-অভ্যুত্থানের পক্ষ থেকে তাঁর অপসারণের দাবি ওঠে।

সম্ভাব্য উত্তরসূরি নিয়ে হিসাব-নিকাশ

বর্তমান রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা বাজার সংকেতেই শুরু হয়েছে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে আলোচনা। সংবিধানের ৫০(৩) ও ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার সাময়িকভাবে দায়িত্ব সামলাবেন এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা এক শীর্ষ সচিবের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আগামী জাতীয় নির্বাচন পরিচালনা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার মতো প্রশাসনিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করেই নতুন নামগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এই সম্ভাব্য পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে বড় ধরনের একটি পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights