
ফাতেমা তুজ জোহরাঃ
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোর উদ্বোধনের আগে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
‘ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রায় ৬০০ দেশি-বিদেশি প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন সরকারি নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা।
সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা, ব্যবসা পরিচালনা সহজ করা, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় ‘ফিকি এফডিআই রিপোর্ট-২০২৬’ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
