• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রুমায় নাবালিকা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ByMahfuz Sarker

আগ ২১, ২০২৫

মো. হাসান, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমায় প্রাথমিক বিদ্যালয়ের এক নাবালিকা শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, “পাহাড়ে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। অথচ প্রভাবশালীরা অনেক সময় টাকার বিনিময়ে এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগ হেডম্যানের বিরুদ্ধেও

স্থানীয় সূত্রে জানা যায়, রুমার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে কয়েকজন যুবক দলবেঁধে ধর্ষণ করে। পরে হেডম্যান ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ছাত্র পরিষদের নেতারা বলেন, কেবল ধর্ষকদেরই নয়, ঘটনার ধামাচাপায় জড়িত হেডম্যানকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

সমাবেশে উপস্থিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সভাপতি মাও আবুল কালাম আজাদ, নাগরিক পরিষদ বান্দরবান পৌর শাখার সাধারণ সম্পাদক মো. এরশাদ চৌধুরী এবং সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন, রেইছা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সুয়ালক ইউনিয়ন সভাপতি মো. সুমন, সরকারি কলেজ আহ্বায়ক মো. রফিক, সরকারি মহিলা কলেজ সভানেত্রী রুমী সেনসহ সংগঠনের বিভিন্ন নেতা–কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights