• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত, সঠিক ইতিহাস সংরক্ষণে জোর

Byadmin

ফেব্রু. ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই-বাছাই করে নির্ভুল তালিকা প্রণয়ন এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, বিতর্ক নিরসন এবং ইতিহাস বিকৃতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সুসংগঠিত উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।

সভায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা সমীচীন নয়। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার রাজনৈতিক অপব্যবহার হয়েছে। ফলে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা অসীম ত্যাগ, সংগ্রাম ও আত্মোৎসর্গের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। তাঁদের সম্মান রক্ষা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করা হবে।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ, সংরক্ষণ এবং যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights