• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বেগমগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ-পিবিআইয়ের অনুসন্ধান অব্যাহত

Byadmin

ডিসে. ১৮, ২০২৫

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৬ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ১টা ১০ মিনিটে বেগমগঞ্জ চৌরাস্তা নতুন বাস টার্মিনালের দক্ষিণ পাশে পুরাতন মাছের আড়তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাস টার্মিনালের পাহারাদার মোহাম্মদ খুরশিদ আলম প্রথমে লাশটি দেখতে পেয়ে বেগমগঞ্জ মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায়, এক ব্যক্তি লোহার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মাধ্যমে লাশের পরিচয় জানার চেষ্টা করলেও কেউ তাকে শনাক্ত করতে পারেনি। পরবর্তীতে পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশের ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির কোনো পরিচয় কিংবা স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। পরনে ছিল হালকা ধূসর-বাদামি রঙের প্রিন্ট পাঞ্জাবি এবং নেভি ব্লু রঙের ফুল প্যান্ট। তার মুখে প্রায় ৩ ইঞ্চি লম্বা কালো দাঁড়ি, নাক লম্বা এবং মাথার চুল কালো, দৈর্ঘ্য আনুমানিক ১ ইঞ্চি। এছাড়া ডান পায়ের গোড়ালির ওপর একটি পুরাতন ফোঁড়ার কালো দাগ রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মাইজদী সদর হাসপাতাল-এ পাঠায়। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ আঞ্জুমান মফিদুল কুরআন, বেগমগঞ্জ, নোয়াখালী-এর মাধ্যমে দাফন করা হয়।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অপমৃত্যু মামলা নম্বর ০৪/২৫, তারিখ ০৭ নভেম্বর ২০২৫ রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার রয়েছে এসআই মো. হাবিবুর রহমানের (মোবাইল: ০১৮৭২-১৯৩৫৯৯) ওপর।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় ও স্বজন শনাক্তে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ যদি এ বিষয়ে কোনো তথ্য জানতে পারেন, তবে বেগমগঞ্জ মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights