একরামুল হক:
ফেনীর সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রগতির স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মোঃ আবদুল লতিফ জনি।
৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) ফেনীর দাগনভূঞা উপজেলায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, ফেনী জেলা ও দাগনভূঞা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আবদুল লতিফ জনি বলেন,
“ফেনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমি। ফেনীর এই গর্ব আমাদের শক্তি, আমাদের প্রেরণা।”
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন—বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ফেনীতে একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে, যা এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
জনি বলেন,
“তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং মিন্টু পরিবারের গত ৪০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের স্বীকৃতি দিতে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আব্দুল আউয়াল মিন্টুকে বিজয়ী করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনগণের কাছে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও নির্বাচনী উৎসাহ লক্ষ্য করা যায়।
