• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘন্টার মধ্যেই ক্লুলেস হত্যা রহস্য উদঘাটন, পিবিআইয়ের হাতে স্বামী গ্রেফতার

Byadmin

মার্চ ২০, ২০২৬

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২) হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের স্বামী মো. হামিদুল ইসলাম রনি (২৭)কে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই জানায়, গত ১৮ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে আলীগঞ্জ পূর্বপাড়া রেললাইন সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিবিআই নারায়ণগঞ্জের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলীগঞ্জ এলাকা থেকে মূল আসামি হামিদুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাতে খাবার শেষে দম্পতি ঘুমাতে যান। পরদিন ভোরে স্বামী কর্মস্থলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কক্ষে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির পাশের পরিত্যক্ত কক্ষে ফেলে রাখেন।

এ ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights