
সাইমুল রাজু, স্টাফ রিপোর্টার:
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে পোলিং এজেন্টদের হুমকি প্রদান এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।মঙ্গলবার রাতে নালিতাবাড়ী পৌর শহরের গাজীরখামার সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে রাত ৮টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীর সমর্থকদের দ্বারা বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের হুমকি ও ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। পাশাপাশি প্রচার-প্রচারণার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও টাকা ও বিভিন্ন উপকরণ দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট নেওয়ার অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, শেরপুর-২ আসনের ১৫৪ টি ভোটকেন্দ্রের মাঝে ৯৩টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন এবং নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতা ও কার্যকর ভূমিকা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মু. গোলাম কিবরিয়া ভিপি, জামায়াত প্রার্থী;মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য, শেরপুর;মাওলানা আফসার উদ্দিন, উপজেলা আমির, নালিতাবাড়ী;শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা সেক্রেটারি, নালিতাবাড়ী;আব্দুল করিম আকন্দ, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, নালিতাবাড়ী উপজেলা শাখা;মুফতি আব্দুস সবুর, সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, নালিতাবাড়ী উপজেলা শাখা;এবং আবু সিনা মোহাম্মদ জোবায়ের, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নালিতাবাড়ী উপজেলা শাখা।এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
