মোঃ তোফাজ্জল হোসেন,নওগাঁ :
নওগাঁ জেলার পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে অফিসের ভেতর থেকেই প্রায় ৭০০ কেজি বই বিক্রির সময় এক কর্মচারীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনগণ।
আটক ব্যক্তি মোঃ আমানত আলী, যিনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গোপনে বই বিক্রির অভিযোগ থাকলেও এদিন তাকে সরাসরি বই হস্তান্তরের সময় ধরে ফেলেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বইসহ একটি অটোরিকশা ও চালককে জনতার সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়-এ নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় অটোরিকশার মালিক স্বীকার করেন, তিনি এসব বই আমানত আলীর কাছ থেকেই ক্রয় করেছেন।
ইউএনও’র হেফাজতে জব্দ বই
ঘটনার পর উদ্ধারকৃত সকল বই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় তাৎক্ষণিকভাবে জব্দ করে নিজ হেফাজতে সংরক্ষণ করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বইগুলো সরকারি সম্পদ হওয়ায় এগুলো সুরক্ষিত ভাবে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তী তদন্তের স্বার্থে এগুলো গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জানা গেছে, বিক্রিত বইগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে সরকারি সম্পদ বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
