
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশের ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের স্মৃতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের ভিত্তিতে পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ (ওয়াটারমার্ক) নতুনভাবে নকশা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচিত্র জলছাপ হিসেবে যুক্ত থাকবে। পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রও সংযোজন করা হয়েছে।
পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর ও কার্জন হলের পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির দৃশ্য স্থান পেয়েছে। এছাড়া জাতীয় প্রতীক হিসেবে শাপলা, দোয়েল, ইলিশ, কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও জলছাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে ‘ইসরাইল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই বিদ্যমান ঘোষণা অপরিবর্তিত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নকশা দ্রুত কার্যকর করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
