
শাব্বির আহমাদ, খুলনা জেলা প্রতিনিধি | ১৯ জুলাই ২০২৬
জুলাই সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা উত্তর শাখা।
রবিবার (১৯ জুলাই) বিকেলে শিরোমণি বাজার এলাকায় সংগঠনটির ঘোষিত “অদম্য জুলাই” কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই শত শত নেতাকর্মী রাজপথে নেমে আসেন। শিরোমণি বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের কণ্ঠে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান ধ্বনিত হতে শোনা যায়।
মিছিল শেষে শিরোমণি শহীদ মিনার চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী গণভোটের রায় অবিলম্বে কার্যকর করতে হবে। পাশাপাশি জুলাই সনদের সঠিক ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে সংগঠিত গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি আদায়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ছাত্রসমাজ তাদের দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিরোমণি বাজার ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
