
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। এ বিষয়ে রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—ততদিন তিনি রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এদিকে, প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহে পাঠানো হয়েছে।
