সাইমুল রাজুঃ
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদ ভবনে স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, বরং বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক।” তিনি জানান, সংসদ ভবনের ছাদে সৌরশক্তির ব্যবহার দেশের পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর ভবিষ্যতের বার্তা বহন করছে।
লুই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।
জ্বালানি খাতে স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক সম্প্রসারণের সঙ্গে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের মতো ঝুঁকির মুখে রয়েছে। তাই নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া এখন পরিবেশগত দায়বদ্ধতার পাশাপাশি অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার বিষয়ও।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌর বিকিরণ পাওয়া যায়। দেশের অসংখ্য ছাদ, শিল্প এলাকা ও উপকূলীয় অঞ্চল সৌরবিদ্যুতের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করেছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
