শেখ ফরিদ উদ্দিন :
প্রকাশিত: ২৭ মে, ২০২৬
কুমিল্লা: দেশে ও প্রবাসে অবস্থানরত তিতাসবাসীর কল্যাণে নবপ্রতিষ্ঠিত তিনটি জনকল্যাণমুখী সংস্থার অনুমোদন দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বাতাকান্দি বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মাইনউদ্দিনের উদ্যোগে এই সংস্থাগুলো গঠিত হয়েছে। মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত তিনটি সংস্থারই প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিতাস-হোমনার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি।
আগামী ৩০ মে বাতাকান্দি বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংস্থাগুলোর আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
অনুমোদিত সংস্থা তিনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিচে তুলে ধরা হলো:
১. সত্যের সন্ধানে তিতাস মিডিয়া সেল:
এই মিডিয়া সেলের মূল কাজ হবে তিতাস উপজেলার সামগ্রিক সত্য ঘটনা জনসমক্ষে তুলে ধরা। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার পাশাপাশি জনমানুষের দুর্ভোগ দূরীকরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এই সংগঠন। এছাড়া তিতাসের উন্নয়নে এমপি সেলিম ভূঁইয়ার গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের সচিত্র প্রতিবেদন প্রচার করাও এর অন্যতম কাজ হবে। তিতাস মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাইনউদ্দিন জানান, এই মিডিয়া সেল মূলত পুরো তিতাস উপজেলাকে দর্পণ হিসেবে সবার কাছে তুলে ধরবে।
২. “আমরা হবো সেলিম ভূঁইয়া” তিতাস উন্নয়ন কমিটি:
এই উন্নয়ন কমিটি তিতাস উপজেলার প্রতিটি গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নের জনসাধারণের স্বার্থে কাজ করবে। স্থানীয় জনমানুষের প্রয়োজনীয় সব উন্নয়ন পরিকল্পনা ও তা বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে দাবি ও প্রস্তাবনা তুলে ধরাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। এর মাধ্যমে তিতাসের প্রতিটা ঘরে ঘরে এমপি সেলিম ভূঁইয়ার উন্নয়নের সুবাতাস পৌঁছে দেওয়া এবং জনমানুষের প্রত্যাশা ও প্রাপ্তির চূড়ান্ত হিসাব মেলানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাইনউদ্দিন।
৩. ইন্টারন্যাশনাল হেল্প সেন্টার:
মানবসেবা, পারস্পরিক সহায়তা ও বিশ্বব্যাপী সংযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে তিতাস উপজেলার কৃতি রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে গঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল হেল্প সেন্টার’। সংগঠনের কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাইনউদ্দিন জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত তিতাসের সন্তানদের নিয়ে এই সেন্টারের আন্তর্জাতিক শাখা গঠন করা হবে। প্রবাসে কোনো তিতাসবাসী যেকোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে এই হেল্প সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সর্বোপরি, সংগঠনের প্রধান উপদেষ্টা এমপি সেলিম ভূঁইয়ার মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করে প্রবাসীদের সমস্যা সমাধানের নিরলস চেষ্টা চালানো হবে। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও সেবার হাত বাড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
উপজেলার আপামর জনসাধারণের কল্যাণে গঠিত এই তিনটি যুগান্তকারী উদ্যোগকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষ ও প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
