একরামুল হক:
ঢাকা, ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয়ী হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় উপলক্ষে কোনো আনন্দ মিছিল বা সভা-সমাবেশ করা যাবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকাসহ সারাদেশে বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেও বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা সভা আয়োজন করা যাবে না।
দলটি ঢাকাসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে আয়োজিত দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।
