
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আবাসন খাত, নগর উন্নয়ন এবং ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের আবাসন খাতের উন্নয়ন, জাতীয় বিল্ডিং কোড বাস্তবায়ন, টেকসই নগর পরিকল্পনা, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং পাবলিক পার্ক ও উন্মুক্ত স্থান উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন তারা।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আবাসন ও অবকাঠামো উন্নয়ন খাতে কাজ করতে আগ্রহী। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিইএসআরআই) প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা কামনা করেন।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জশ পোপ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি শাখার কর্মকর্তারা।
#গৃহায়ন_ও_গণপূর্ত_মন্ত্রণালয় #জাকারিয়া_তাহের #মার্কিন_রাষ্ট্রদূত #বাংলাদেশ_যুক্তরাষ্ট্র #আবাসন #নগর_উন্নয়ন #ভূমিকম্প_নিরাপত্তা #BESRI #দ্বিপাক্ষিক_সম্পর্ক #বাংলাদেশ #দৈনিক_শীর্ষ_অপরাধ
