সাইমুল রাজু: বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস বলেছেন, ধর্ম ব্যবসায়ীরা সৃষ্টিকর্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। তবে এ দেশের জনগণ ধার্মিক হলেও বকধার্মিক নয়। সৃষ্টিকর্তা মানুষকে ভালো-মন্দ বিচারের ক্ষমতা দিয়েছেন, তাই স্বর্গের টিকিটের লোভ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি বলেন, জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে।বিএনপি মনোনীত ঢাকা-৩ আসনের প্রার্থী ধানের শীষের পক্ষে তেঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেয়ারা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অপর্ণা রায় দাস।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একটি নির্দিষ্ট দলের ভূমিকার কথা এ দেশের জনগণ এখনো ভুলে যায়নি। সেই ইতিহাস মাথায় রেখেই জনগণ আজ জেগে উঠেছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিতে প্রস্তুত।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য সীমান্ত দাস, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুহৃদ দাস, যুবদল নেতা কামাল সিকদার, ইফতেখার আলম, কবির মোল্লা, আবদুস সালাম, প্রীতি ধর, মনি শংকর রায়, আমির হোসেন খোকন, দিপু, মো. আলী, সালেহ মোহাম্মদ, সোবহান, আশরাফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
