
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ভোগনগর (কবিরাজ) এলাকায় অভিযান চালিয়ে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোকছেদুল ইসলাম (২৮), পিতা: মো. আব্দুর রহমান, মাতা: মোসলেমা, গ্রাম: বিজয়পুর, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর এবং মো. খায়রুল ইসলাম (৩৮), পিতা: মৃত কালু মিয়া, মাতা: মোছা. আলেমা খাতুন, গ্রাম: বিজয়পুর, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই খোকন ও এএসআই সাদ্দাম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোগনগর (কবিরাজ) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়। পুলিশ জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
