
শেখ ফরিদ উদ্দিন :
আগামীকাল ২৯ জুন ২০২৬, সোমবার, দেশব্যাপী শিক্ষা ক্ষেত্রে দুটি যুগান্তকারী মেগা উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় জাতীয় উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপস্থিতির সুবিধার্থে অনুষ্ঠানটি সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে। অনুষ্ঠানের প্রস্তুতির সার্বিক দিক পর্যবেক্ষণ করছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
১. ২৯,৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি
জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে।
- লক্ষ্যমাত্রা: আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- কর্মসূচির আওতা: দেশের ২৯,৬২১টি শিক্ষা প্রতিষ্ঠান (১৮,৯০৭টি বিদ্যালয়, ১,৪৪৬টি স্কুল এন্ড কলেজ এবং ৯,২৬৮টি মাদ্রাসা) একযোগে এই কর্মসূচিতে অংশ নেবে।
- সহায়তা: প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা অনুদান হিসেবে ৫,০০০ টাকা প্রদান করা হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে ১টি করে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।
- অংশগ্রহণ: প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যুক্ত হয়ে অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।
২. জাতীয় উদ্ভাবনী মেলা: “Startup, Science Project and Innovation Idea Showcasing”
শিক্ষার্থীদের মুখস্থনির্ভর পড়াশোনার বাইরে সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা বিকাশের লক্ষ্যে এই উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।
- পটভূমি: গত ১২ জুন উপজেলা ও মহানগর পর্যায়ে প্রাথমিক শোকেজিং এবং ১৪ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুদে উদ্ভাবকদের অনুপ্রাণিত করেন।
- জাতীয় পর্যায়: জেলা ও মহানগর পর্যায় থেকে বাছাইকৃত সেরা ১০০টি দল আগামীকাল চূড়ান্ত পর্বে তাদের প্রজেক্ট প্রদর্শন করবে।
- পুরস্কার ও সম্মাননা:
- সেরা ১০টি দলকে ট্রফি প্রদান করা হবে।
- নির্বাচিত শিক্ষকদের “সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” হিসেবে ৩০ হাজার টাকা ও সনদ প্রদান করা হবে।
- শিক্ষার্থীদের “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” হিসেবে ২০ হাজার টাকা ও সনদ প্রদান করা হবে।
