
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট সংরক্ষিত আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক, ব্যবহৃত বিভিন্ন উপকরণ এবং ঘটনাপ্রবাহভিত্তিক প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে আন্দোলনের বিভিন্ন ধাপ, অংশগ্রহণকারীদের ভূমিকা, আত্মত্যাগ এবং সংশ্লিষ্ট ঘটনাবলি তুলে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ছিল। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
