
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং তাদের ত্যাগ ও অপূর্ণতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্বের যথাযথ উপস্থাপনা না থাকায় উপস্থিতদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে জুলাই শহীদ আবু সাঈদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফুটেজ না থাকায় তিনি আয়োজকদের সমালোচনা করে বলেন, ঐতিহাসিক এ গণআন্দোলনের প্রকৃত চিত্র যথাযথভাবে তুলে ধরা উচিত ছিল।
তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস জাতির গৌরবের ইতিহাস এবং এই গণঅভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, যদি তাদের ন্যায্য মর্যাদা পেতে নেতা বা মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তবে তা পুরো জাতির জন্য লজ্জাজনক।
বিতাড়িত সরকারের কঠোর সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, এত গুম, হত্যা ও নির্যাতনের পরও আওয়ামী লীগের নেতাদের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি আবারও দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল দেশে সুস্থ, নিরাপদ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান।
