• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’—স্বরাষ্ট্র উপদেষ্টা

Byadmin

ডিসে. ১৩, ২০২৫

মাসুদ সালেহ উদ্দিন :

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার ও বেগবান করার লক্ষ্যে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অবিলম্বে কার্যকর করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে, যা সার্বিক বিষয় পর্যালোচনা করে নিরাপত্তা নিশ্চিত করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এছাড়া তিনি জানান, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স মূলত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যেও যারা আবেদন করবেন, তাদের লাইসেন্স প্রদান করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights