নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলশান এলাকায় এক বিদেশি নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাকে ‘পিটিয়ে হত্যা করা হয়েছে’—এমন অভিযোগ উঠলেও পুলিশ বলছে, বিষয়টি এখনো নিশ্চিত নয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশ-এর গুলশান থানা পুলিশ গুলশান-২ নম্বর এলাকার কন্টিনেন্টাল হাসপাতাল (ইউনাইটেড হাসপাতাল) থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। তিনি ভারতীয় নাগরিক, কাশ্মীরের বাসিন্দা। রাজধানীর বারিধারা এলাকার পার্ক রোডের ৩৪/৩৬ নম্বর বোরাক পার্ক ভ্যালি নামের একটি বাসায় তিনি বসবাস করতেন।
প্রাথমিকভাবে তার শরীরে কিছু অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ থেকেই ‘পিটিয়ে হত্যা’র অভিযোগটি সামনে আসে। তবে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ বলেন, “ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাটি ঘিরে অভিজাত এলাকা গুলশান ও বারিধারায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
