নিজস্ব প্রতিবেদক:
ঘড়ির কাঁটায় রাত তখন ২টা ৫৫ মিনিট। চারদিকে নিস্তব্ধতা থাকলেও রাজধানীর গুলশানে দলীয় রাজনৈতিক কার্যালয়ে তখনও কর্মচাঞ্চল্য। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করেন তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে গুলশানের দলীয় কার্যালয়ে এই সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। এতে মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার প্রার্থীরা এদিন সাক্ষাৎকার দেন।
রাত ২টা ৫৫ মিনিটে দলের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, তখনও সাক্ষাৎকার কার্যক্রম চলছিল।
এর আগে শুক্রবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মোট ১,০২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০টি জমা পড়েছে। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে প্রার্থীদের।
এর আগে গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন।
