এস এম শাহ্ জালাল সাইফুল |
কুমিল্লা জেলার কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসন ঘিরে চলমান আইনি জটিলতায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত পূর্ববর্তী আদেশ স্থগিত করে উভয় আসনে বিএনপি প্রার্থীর পক্ষে দেওয়া রায় বহাল রেখেছেন।
হোমনা–তিতাস আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আদালতে আবেদন করেন। একই সঙ্গে দাউদকান্দি–মেঘনা ও হোমনা–তিতাস—এই দুই আসন সংক্রান্ত বিষয়ে পৃথকভাবে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষে রায় প্রদান করেন এবং সর্বশেষ আদেশে উভয় আসনে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে বহাল রাখেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ রায় কেবল একজন প্রার্থীর পক্ষে সিদ্ধান্ত নয়; বরং নির্বাচনী রাজনীতিতে আইনের শাসন ও ন্যায়বিচারের গুরুত্বকে নতুন করে প্রতিষ্ঠা করল। দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও আইনি টানাপোড়েনের মধ্যে থাকা এই দুই আসনে আদালতের সিদ্ধান্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আদালতের এ সিদ্ধান্তে কুমিল্লার দুই গুরুত্বপূর্ণ আসনে বিএনপি ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দলীয় সূত্র জানায়, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার আন্দোলনে এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক বিজয়।
