• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ, জেলায় জেলায় গঠন হচ্ছে কমিটি

Byadmin

মার্চ ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
পুলিশে কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে দেশের প্রতিটি জেলায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

জানা গেছে, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুলিশে প্রায় এক লাখ ট্রেইনি রিক্রুটমেন্ট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দেওয়া হয়। ওই সময় এসব নিয়োগে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, এক জেলার বাসিন্দাকে অন্য জেলার কোটায় নিয়োগ দেওয়া, রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে তালিকা করে প্রার্থী নিয়োগ দেওয়া এবং মেধাতালিকায় থাকা অনেক প্রার্থীকে গোয়েন্দা প্রতিবেদনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও অনৈতিক সুবিধার বিনিময়ে আলাদা কক্ষে বিশেষ পুলিশ সদস্যদের মাধ্যমে পরীক্ষা নিয়ে প্রার্থীকে উত্তীর্ণ দেখিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। আবার লিখিত পরীক্ষায় ভালো ফল করার পরও প্রার্থীর পরিবারে বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এসব অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৫ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে এডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং) মো. আবু হাসান স্বাক্ষর করেছেন। নির্দেশনায় দেশের ৬৪ জেলায় তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে।

প্রতিটি জেলায় জেলা পুলিশ সুপারকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিকে ছয়টি বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি প্রাপ্তি, অনৈতিক সুবিধার বিনিময়ে আলাদা কক্ষে পরীক্ষা গ্রহণ, প্রার্থী বা তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগযোগ্য বা অযোগ্য ঘোষণা, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের অস্বাভাবিকতা, প্রশ্নপত্র ফাঁসসহ সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগ।

কমিটিকে এসব বিষয় তদন্ত করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিটি জেলার তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights