• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আগামী বছর হজের খরচ আরও কমানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

Byadmin

এপ্রিল ১৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

আগামী বছর থেকে হজযাত্রীদের জন্য খরচ আরও কমানোর পাশাপাশি সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী হজযাত্রীদের উদ্দেশে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানিয়ে বলেন,
“আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, যাতে আমরা সামনে সব সমস্যা ও বিপদ মোকাবিলা করতে পারি এবং জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারি।”

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, সরকার গঠনের আগেই অন্তর্বর্তীকালীন সময়ে বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এরপরও বর্তমান সরকার উদ্যোগ নিয়ে হজের খরচ অন্তত ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছর আরও কম খরচে হজ পালনের সুযোগ তৈরি করা হবে।

এর আগে রাত ১১টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দর এলাকায় পৌঁছে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে হজ ফ্লাইট উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিমানে উঠে হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাদের নিরাপদ যাত্রা ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights