• শনি. আগ ১৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

২৩ জুন রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

ByShirso Aparadh

জুন ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গণহত্যার বিচার প্রক্রিয়ার ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

সোমবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত জোটের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের জেলা শহরগুলোতে সমাবেশ আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে জোটটি।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, জুলাইয়ের ঘটনাবলির বিচার কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না, ফলে বিচার প্রাপ্তি নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। তিনি বলেন, দেশে আবারও স্বৈরাচারী প্রবণতা মাথাচাড়া দিয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে।

সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights