• শনি. আগ ১৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

প্রবীণদের জন্য বিশেষ সুবিধা, রেল ভাড়া মওকুফ ও মেট্ররেলে ছাড়ের উদ্যোগ

ByShirso Aparadh

জুন ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবীণ নাগরিকদের কল্যাণে রেল ভাড়া মওকুফ এবং মেট্রোরেলে বিশেষ ভাড়া ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২২ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এবারের বাজেটে প্রথমবারের মতো প্রবীণদের জন্য রেল ভাড়া মওকুফ এবং মেট্রোরেলে ভাড়া ছাড়ের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রবীণ নির্যাতন প্রতিরোধ শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পারিবারিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত সভায় প্রবীণদের অধিকার সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এসব সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানান আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করতে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় আইন সংস্কারের বিষয়েও সরকার কাজ করছে। প্রবীণবান্ধব সমাজ গঠনে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights