• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করার উদ্যোগ

Byadmin

মে ৩, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে পরামর্শক কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবনের সম্মেলন কক্ষে World Press Freedom Day 2026 উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে গণমাধ্যম বর্তমানে জটিল বাস্তবতার মুখোমুখি। যুদ্ধ ও সংকটপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে তথ্যপ্রবাহের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এসব পরিবর্তনের ফলে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটেও গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে মন্ত্রী জানান, সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কাঠামো নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে গঠিত পরামর্শক কমিটি কমিশনের কাঠামো ও কার্যপ্রণালী নির্ধারণে ভূমিকা রাখবে।

নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপে সরকার বিশ্বাস করে না।

ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে শক্তিশালী ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয় এবং এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এস এম শামীম রেজা। আলোচনায় বক্তব্য দেন মতিউর রহমান চৌধুরী, আব্দুস সালাম, দেওয়ান হানিফ মাহমুদ, হাসান হাফিজ, কাদের গনি চৌধুরী এবং মোস্তফা আকমল।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে র‍্যালিটি তথ্য ভবনে এসে শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights