• সোম. আগ ১৭, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শিক্ষায় নতুন পরিবর্তন, ২০২৮ থেকে নতুন কারিকুলাম

ByShirso Aparadh

জুন ২৪, ২০২৬

ক্যাম্পাস প্রতিনিধি

দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকলের ধরন বদলেছে, তাই সময়ের চাহিদা অনুযায়ী পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল বা নিষিদ্ধ উপকরণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কোনো কেন্দ্রে নকলের ঘটনা ঘটলে কেন্দ্র প্রধান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁস ও নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাইবার অপরাধ দমনে বিদ্যমান আইনেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় মন্ত্রী জানান, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক ও কর্মচারী অবসর ভাতা পাননি, তাদের জন্য আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে ভাতা প্রদান কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ড সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights