• রবি. আগ ১৬, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মৎস্য খাত সমৃদ্ধ করে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

ByShirso Aparadh

আগ ১৬, ২০২৬


নিজস্ব প্রতিবেদক

মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন নতুন বাজার খুঁজে বের করতে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণ পদক) প্রদান করেন। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য—‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় হাওর, নদী-নালা ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। বিভিন্ন ধরনের আবর্জনা, টিস্যু ও প্লাস্টিকের বোতল ফেলার কারণে খাল-বিল, নদী-নালা এবং জলাশয়ের পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষা করতে পারলে মানুষের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের প্রায় ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৬ হাজার কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এফএওর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মোট জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টারের মাধ্যমে ৭ হাজার ৫০০টি ঘেরে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কক্সবাজারের চকরিয়ায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি’ বাস্তবায়নে মাস্টারপ্ল্যান ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১০ শতাংশ। মৎস্যজীবী ও জেলেদের সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশের প্রায় দুই কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। মৎস্য চাষিদের কৃষক কার্ড প্রদান এবং জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও গবেষণা-উদ্ভাবনকে উৎসাহিত করতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই ফান্ড থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। নতুন উদ্যোক্তাদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বিদেশে নতুন বাজার তৈরির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত জুনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে উল্লেখ করে তিনি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিত্যনতুন পণ্যের জন্য বিদেশি বাজার খুঁজে বের করার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো. খালেদ কনক বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights