মো. ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব হৃদরোগ সচেতনতা দিবস-২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “প্রতিটি হৃদস্পন্দনের যত্ন নিন”।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এতে চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সচেতনতা বৃদ্ধি, সঠিক জীবনযাত্রা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ধূমপানমুক্ত জীবনযাপনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ সময় উপস্থিত রোগী ও দর্শনার্থীদের জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে মানুষ হৃদরোগ সম্পর্কে সচেতন হয়ে সুস্থ জীবনযাপন করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের এডিশনাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. জিএম মনিরুল ইসলাম, হৃদরোগ বিভাগের অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ জাফর, অধ্যাপক আরিফ মোহাম্মদ সোহানসহ অনেকে।
